সমুদ্রসৈকতে এক দম্পতি সোশ্যাল মিডিয়া রিল তৈরিতে মশগুল থাকায় তাদের ছোট শিশুটি আছড়ে পড়া ঢেউয়ের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে—এমন একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। জানা গেছে, এক পথচারী দ্রুত এগিয়ে এসে শিশুটিকে পানি থেকে টেনে উদ্ধার করেন।
ভিডিওতে দেখা যায়, দম্পতিটি নিজেদের মোবাইল ফোন বা সেলফি স্টিক দিয়ে ভিডিও করতে করতে সৈকত ধরে হাঁটছেন। সেখানে দেখা যায়, নারীটি শুরুতে শিশুটির হাত ধরে পানির কাছ দিয়ে হাঁটছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই শিশুটি হাত ফসকে বালুতে পড়ে যায় এবং ক্রমান্বয়ে ধেয়ে আসা ঢেউ তাকে ধাক্কা দিতে থাকে।
নারীটি কেবল সংক্ষিপ্ত সময়ের জন্য পেছনে ফিরে তাকালেও পরক্ষণেই আবার ক্যামেরায় পোজ দেওয়া শুরু করেন, আর পুরুষটি টানা ভিডিও করে যান। চোখের সামনে এমন পরিস্থিতির সৃষ্টি হলেও দম্পতিটি রেকর্ডিংয়ে এতটাই মগ্ন ছিলেন যে, অগভীর ঢেউয়ের মধ্যে শিশুটি যে সংগ্রাম করছিল, সেদিকে তাদের কোনো খেয়াল ছিল না।
এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী মারিয়াম ভিডিওটি শেয়ার করে জানান, তিনি ও তার স্বামী সৈকতে ঘুরতে গিয়ে ঘটনাটির সাক্ষী হন। তিনি পোস্টে দাবি করেন, দম্পতিটি রিল তৈরিতে এতটাই মশগুল ছিলেন যে, তাদের নিজের সন্তানটি কতটা বিপদের মুখে রয়েছে তা তারা খেয়ালই করেননি। মারিয়াম জানান, এক পথচারী সময়মতো এগিয়ে এসে হস্তক্ষেপ করায় শিশুটি ঢেউয়ে ভেসে যাওয়া থেকে বেঁচে যায়। সোশ্যাল মিডিয়ার প্রতি এই অন্ধ আসক্তি নিয়ে প্রশ্ন তুলে তিনি মন্তব্য করেন—রিল বানানো কি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যে মানুষ নিজের সন্তানের সুরক্ষার কথাও ভুলে যাচ্ছে?
তবে ঘটনাটির সুনির্দিষ্ট স্থান, তারিখ বা ভিডিওতে থাকা ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।