ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কে পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা কাটতে যাচ্ছে আগামী রোববার (৮ নভেম্বর)। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ জানিয়েছেন, ওই দিনই তিনি দায়িত্বপ্রাপ্ত আইনপ্রণেতার নাম ঘোষণা করবেন।
বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শেষে তিনি এ ঘোষণা দেবেন। বার্তাসংস্থা আনাদোলু বলছে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক ভিডিও বার্তায় হারজগ এ কথা জানান বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট।
হারজগ বলেন, ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ৬৭টি আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেয়ার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে ৪৬ আসনের প্রতিনিধিত্বকারী দলগুলো বর্তমান প্রধানমন্ত্রী ও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানিয়েছে।
হারজগ বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ফলাফল দেখে বিষয়টি স্পষ্ট মনে হতে পারে’। তবে রাজনৈতিক জোটগুলোর মধ্যে এবং একই জোটের ভেতরেও পারস্পরিক আপত্তি থাকায় সরকার গঠন এখনো অনিশ্চিত।
কোনো দল বা জোটের পক্ষে সরকার গঠনের সম্ভাবনা কতটা, তা যাচাই করতে দলগুলোর নেতাদের সঙ্গে আলাদাভাবে আরও আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি। হারজগ বলেন, একটি স্থিতিশীল সরকার গঠনে সহায়তা করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
এর আগে গত ২৭ অক্টোবর ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে নেতানিয়াহুর জোট কিংবা বিরোধী কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।
ইসরায়েলের আইন অনুযায়ী, পার্লামেন্টের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে একজন আইনপ্রণেতাকে সরকার গঠনের দায়িত্ব দেন প্রেসিডেন্ট। এ ক্ষেত্রে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পাওয়ার সক্ষমতাকে বিবেচনায় নেয়া হয়।