সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইয়ানবুতে আরামকোর স্থাপনা এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবার (২১ অক্টোবর) দাম্মাম বিমানবন্দরে হামলায় ভারতীয় নাগরিকসহ দুজন নিহত ও অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে দুই বাংলাদেশিও রয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইয়েমেনের রাজধানী সানা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গত ৪৮ ঘণ্টায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চারটি সামরিক অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, প্রথম অভিযানটি সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন লক্ষ্য করে চালানো হয়। দ্বিতীয় অভিযানের লক্ষ্য ছিল দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যার ফলে বিমান চলাচল ব্যাহত হয়। তৃতীয় অভিযানটি ইয়ানবু এলাকায় আরামকোর স্থাপনায় চালানো হয় এবং সেখানে অগ্নিকাণ্ড ঘটে। চতুর্থ অভিযানটি আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত হয় বলে দাবি করেন তিনি।
ভিডিও বার্তায় হুতিদের পক্ষ থেকে বলা হয়, ইয়েমেনের গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি বাস্তবায়ন করলে সৌদি আরবকে এর পরিণতি ভোগ করতে হবে। সে ক্ষেত্রে হুতিরা আরও বড় পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় দাম্মাম বিমানবন্দরে হামলার পর কয়েকজন মার্কিন কূটনৈতিক কর্মীকে সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। হুতিরা কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিমান চলাচল ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। এসব হামলায় অন্তত ২২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে যায়। বৈশ্বিক বেঞ্চমার্ক তেলের দাম প্রতি ব্যারেল ১১২ ডলার ছাড়িয়ে যায়। সৌদি আরব চলতি মাসে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে হুতিদের বিরুদ্ধে বোমা হামলার অভিযান শুরুর ঘোষণা দেয়। ২০১৪ সাল থেকে ইয়েমেনের সরকার ও হুতিদের মধ্যে সংঘাত চলছে। ওই বছর হুতি বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চল থেকে রাজধানী সানা দখল করে নেয়। চলতি বছরের শুরুর দিকে ইয়েমেনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, আগস্ট থেকে এ সংঘাতে প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
যুদ্ধ পরিস্থিতির অবনতির মধ্যে জরুরি নয়—এমন সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হুতিদের হামলা, বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি এবং ভ্রমণে বিঘ্নের কথা উল্লেখ করে এ নির্দেশনার কথা জানান। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, ওয়াশিংটন বর্তমানে ইরানের সঙ্গে কোনো আলোচনা করছে না। তবে খুব শিগগিরই কোনো না কোনোভাবে কিছু একটা ঘটতে চলেছে বলে মন্তব্য করেন তিনি।
দাম্মাম বিমানবন্দরে আহত দুই বাংলাদেশি হলেন কুমিল্লার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের অনুকূল চন্দ্র দাসের ছেলে সজল চন্দ্র দাস এবং নোয়াখালী সদর থানার গোবিগল্লপপুর গ্রামের সিরাজুল হকের ছেলে মোহাম্মদ আব্দুর রহিম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি হাসপাতালে গিয়ে তাঁদের খোঁজখবর নিয়েছেন। দূতাবাসের তথ্য অনুযায়ী, গরম ও ধোঁয়ার কারণে তাঁরা জ্ঞান হারিয়েছিলেন। তাঁদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বর্তমানে তাঁরা সুস্থ আছেন এবং দূতাবাসের প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। শুক্রবার তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। আহতদের মধ্যে দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিকও রয়েছেন।
তথ্যসূত্র: রয়টার্স ও নিউ ইয়র্ক টাইমস