
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার (২২ অক্টোবর) আলজিয়ার্সে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উভয় মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
বিশেষ করে জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, বাণিজ্য, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার সহযোগিতার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন। উভয় দেশের পারস্পরিক স্বার্থে জ্বালানি খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধির উপায় নিয়ে তাঁরা আলোচনা করেন।
বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এই উদ্যোগটি বাংলাদেশ সরকারের সঙ্গে আলজেরিয়া সরকারের কাঠামোর আওতায় আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন দিগন্ত উন্মোচন করেছে।
একই সঙ্গে, এটি বাংলাদেশে শোধনাগার ও এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে। আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউট বাংলাদেশের জ্বালানি খাতের প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ প্রদান এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের জ্বালানি সক্ষমতা ও স্বনির্ভরতা অর্জনে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছে।
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান যে, বাংলাদেশের জ্বালানি চাহিদার কথা বিবেচনা করে আলজেরিয়ার প্রেসিডেন্ট অগ্রাধিকার ভিত্তিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের তাৎক্ষণিক নির্দেশনা দিয়েছিলেন।
কৃষি খাতের প্রয়োজনে বাংলাদেশের সার আমদানির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলে, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান যে, আলজেরিয়া এই খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি আলজেরিয়ার বস্ত্র শিল্পকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর অনুরোধ জানান এবং ওষুধ, চামড়া ও বস্ত্র খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
উভয় পক্ষ নিয়মিত 'ফরেন অফিস কনসালটেশন' (পররাষ্ট্র বিষয়ক পরামর্শ সভা) আয়োজনের গুরুত্বের ওপর জোর দেন। এই পরামর্শ সভার পরবর্তী পর্ব শীঘ্রই ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত করার লক্ষ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব নিয়েও তাঁরা আলোচনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।